চাঁদপুরের কচুয়ায় সিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী (৩৫)কে ইয়াবা ও বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান।
তিনি জানান, রবিবার রাতে কচুয়া বাজারের সিটি হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলায় পশ্চিম পাশের আবাসিক কক্ষে অভিযান চালানো হয়।
অভিযানে ডা. আসিফের নিজ দখলীয় কক্ষ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের কাজে ব্যবহৃত ২ রোল ফুয়েল পেপার, ২টি কাগজের পাইপ এবং ২টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী টাঙ্গাইল জেলার বাসিন্দা।
তিনি আরো জানান, চিকিৎসক আসিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাতেই কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগেও একই হাসপাতালের এক নারী চিকিৎসক ডা. উম্মে জেসমিন লিখিত অভিযোগে ডা. আসিফের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইভটিজিং ও যৌন হয়রানির অভিযোগ আনেন। ওই অভিযোগটি কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে জমা দেয়া হয়।