POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় সিএনজির গোপন বক্স থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার,মাদক আটক কারবারি

মো. নাছির উদ্দিন | প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬ | সময়: ৫:৪৮ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় বিশেষভাবে তৈরি গোপন বক্স থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ। এ সময় মাদক পাচারে ব্যবহৃত পরিবহন ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সিএনজিচালক হানিফ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত হানিফ মিয়া কুমিল্লা সদর দক্ষিণ থানার ফুলতলী গ্রামের মৃত আবুল কাশেম ওরফে কালা মিয়ার পুত্র।

‎পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলাম ও পুলিশ পরিদর্শক তদন্ত রাশেদুল হকের নেতৃত্বে এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া উপজেলার শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

‎বিকেল সাড়ে ৫টার দিকে চান্দিনা দিক থেকে আসা একটি যাত্রীবিহীন সিএনজিকে থামানোর সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে।

‎তল্লাশিকালে সিএনজির পেছনের সিটের নিচে বিশেষভাবে তৈরি একটি গোপন বক্স থেকে স্কচটেপে মোড়ানো ৮টি বান্ডেল মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

‎এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশা এবং একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। জব্দকৃত আলামত থেকে নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।

‎পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি দেশের বিভিন্ন স্থানে মাদক পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

‎থানার রেকর্ড ও সিডিএমএস যাচাই করে পুলিশ জানতে পারে, গ্রেপ্তারকৃত হানিফ মিয়ার বিরুদ্ধে কুমিল্লার চান্দিনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় চার্জশিটও দাখিল হয়েছে।

‎এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৫ আগষ্ট) গ্রেপ্তারকৃত আসামিকে চাঁদপুরের কচুয়া আমলি আদালত নং-১-এ প্রেরণ করা হলে মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে জেলহাজতে আটক রাখার আবেদন জানায় তদন্তকারী কর্মকর্তা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন