POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহজাদপুরে বৈদ্যুতিক তার ছিঁড়ে ৩ গাভীর মৃত্যু

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬ | সময়: ৩:৪২ অপরাহ্ণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের টিয়ার বন্দর গ্রামে বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি গাভীর মৃত্যু হয়েছে। এতে প্রায় ৭ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন খামারি আমজাদ আলী প্রামাণিক। সোমবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, খামারের ওপর দিয়ে চলে যাওয়া বিদ্যুতের লাইনটি হঠাৎ ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় খামারে থাকা তিনটি গাভী বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তারা অভিযোগ করেন, খামারের ওপর দিয়ে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে বৈদ্যুতিক লাইন চলে গেছে। নিয়মিত এই লাইনের রক্ষণাবেক্ষণ করা হলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

ক্ষতিগ্রস্ত খামারি আমজাদ আলী প্রামাণিক জানান, সাতটি গাভী পালন করে তিনি দীর্ঘদিন ধরে পরিবারের জীবিকা নির্বাহ করে আসছিলেন। হঠাৎ এই দুর্ঘটনায় তিনটি উন্নত জাতের গাভী মারা যাওয়ায় তিনি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহযোগিতার দাবি জানিয়েছেন।

এই বিষয়ে শাহজাদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. জহির আব্বাস খান জানান, বিদ্যুতের তার ছিঁড়ে তিনটি গরুর মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে ক্ষতিগ্রস্ত লাইনটি শাহজাদপুর জোনের আওতাধীন নয়, এটি পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়েই পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন