POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন – অ্যাড. শাহাজাহান খান

গাজী মো: সবুজ | প্রকাশিত: আগস্ট ১, ২০২৬ | সময়: ১০:৩১ অপরাহ্ণ

জুলাই অভ্যুথানের ২য় বর্ষ উদযাপন উপলক্ষে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের’ দাবিতে চাঁদপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১আগস্ট) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

চাঁদপুর শহরের বাবুরহাট বাজারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি মতলব সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রহমান চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা শাখার আমীর আফসার উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে এবং সেক্রেটারি জুবায়ের খানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর শহর জামায়াতের আমীর অ্যাড. শাহাজাহান খান।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এ আন্দোলনের চেতনা বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর এবং গণভোটের রায়ের প্রতিফলন নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি এদেশের প্রায় ৭০ শতাংশ জনগণের রায় গণভোটকে অবজ্ঞা করছে। তারা পতিত স্বৈরাচারের মতো আচরণ করছেন। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো গড়িমসি জনগণ মেনে নেবে না। তাই সরকারের প্রতি আহ্বান থাকবে, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করুন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, শহর ছাত্র শিবিরের সভাপতি জাহিদুর রহমানসহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শহর সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, তরপুচন্ডী ইউনিয়ন জামায়াতের নেতা আলমগীর হোসেন বন্দুকসীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন