চাঁদপুর জেলায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তবে এই সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শনিবার ২৬ জুলাই ২০২৬ তারিখের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জনের সবাই সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। বেসরকারি হাসপাতাল/ক্লিনিকে নতুন কোনো রোগী ভর্তি হয়নি।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলায়। চাঁদপুর সদর ৫ জন, ফরিদগঞ্জ ৪ জন, কচুয়া ২ জন, হাজীগঞ্জ, মতলব দক্ষিণ, মতলব উত্তর ১ জন করে। শাহরাস্তি ও হাইমচর নতুন রোগী নেই।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৭৮ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২৭২ জন এবং বেসরকারি হাসপাতালে ৬ জন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২০ জন রোগী। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫৮ জন।
চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানের বলেন, জ্বর, শরীর ব্যথা, বমি বা র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং মশার কামড় থেকে বাঁচতে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
চাঁদপুর জেলা সিভিল সার্জন অফিস জানায়, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।