চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে স্থানীয় গুণীজনদের সংবর্ধনা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কোন্দ্রা গ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আবুল কালাম মজুমদার বকুলের সভাপতিত্বে এবং সহ-সভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মো. আনোয়ার হোসেন অনিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. কবির হোসেন ও মো. আবুল কাশেম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ সুমন গাজী, উপদেষ্টা নুরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের মানুষ।
বক্তারা বলেন, প্রবাসীদের ঐক্যবদ্ধ উদ্যোগে গড়ে ওঠা কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠন ইতোমধ্যে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সংগঠনটি দরিদ্র ও অসহায় মানুষের শিক্ষা ও চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান, মাদকমুক্ত সমাজ গঠনে শিশু-কিশোর ও যুবকদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, শিক্ষার প্রসার এবং সামাজিক উন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনের সভাপতি প্রবাসী ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক প্রবাসী মো. জসিমউদ্দিনের উদ্যোগে প্রতিষ্ঠিত এ সংগঠনটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছে।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কোন্দ্রা গ্রামের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতে এলাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ স্বপ্ন বাস্তবায়নে দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেন তারা।