POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে কাঁচাবাজার ও মাছের বাজারে মূল্যবৃদ্ধি: হতাশ ক্রেতারা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬ | সময়: ১১:৩২ পূর্বাহ্ণ

গত সপ্তাহের তুলনায় চাঁদপুরের কাঁচাবাজার ও মাছের বাজারে জিনিসপত্রের দাম আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের এই ঊর্ধ্বগতির কারণে স্বল্প আয়ের মানুষেরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।

​বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটি সবজির দামই প্রায় দ্বিগুণ হয়েছে। শহরের ওয়ারলেস বাজারের ব্যবসায়ী তসলিম মিয়া বলেন, ​গত সপ্তাহে যে করলা ৬০ টাকায় বিক্রি হতো, তা এখন বিক্রি হচ্ছে ১২০ টাকায়, ​লাল শাক এবং মূলার দাম ৩০ টাকা থেকে বেড়ে হয়েছে ৮০ টাকা। ​ঢ্যাঁড়শ ও ধুন্দল ৩০-৪০ টাকা থেকে বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ​কাঁচামরিচের দামেও বড় ধরনের ঝাঁজ লক্ষ্য করা গেছে; ১২০ টাকার কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে ২৮০ টাকায়।
​ক্রেতারা বলেন, বাজারে প্রায় সব ধরনের সবজির দামই অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে।

​সবজির পাশাপাশি মাছের বাজারেও রয়েছে চরম অস্বস্তি। বিক্রেতারা জানান, রুই মাছ ৫০০ টাকার নিচে পাওয়া মুশকিল। পাবদা মাছের কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়।
​সবচেয়ে বেশি সংকট তৈরি হয়েছে সাধারণ মানুষের প্রিয় ইলিশ মাছের বাজারে।

চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটের ব্যবসায়ী মোস্তফা কামাল বলেন, চাঁদপুর লোকাল বা স্থানীয় ইলিশের চাহিদা ও দাম অনেক বেশি—কেজি প্রতি বিক্রি হচ্ছে ৩১শ থেকে ৩২শ টাকায়। ​বাইরে থেকে আসা ইলিশ ২৭শ থেকে ২৮শ টাকা এবং ছোট সাইজের ইলিশ ১১শ থেকে ১২শ টাকায় বিক্রি হচ্ছে।

​ব্যবসায়ীরা বলছেন, সাগরে মাছের সংকট এবং সংকেতের কারণে পর্যাপ্ত মাছ না আসায় বাজারে ইলিশের দাম বেশি। তবে ক্রেতাদের অভিযোগ, ঢাকার তুলনায় চাঁদপুরে এসেও ইলিশের দাম আরও বেশি মনে হচ্ছে।

​দ্রব্যমূল্যের এই লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ এখন তাদের দৈনন্দিন খাবার তালিকা ছোট করতে বাধ্য হচ্ছেন। দ্রুত বাজার মনিটরিং ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ ক্রেতারা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন