POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর শিল্পকলা একাডেমিতে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ‘লালননামা’ মঞ্চায়ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২১, ২০২৬ | সময়: ২:৪৫ অপরাহ্ণ

বাউল সম্রাট লালন ফকিরের জীবন, দর্শন ও মানবতাবাদী চিন্তা নিয়ে রচিত নাটক ‘লালননামা’ মঞ্চায়িত হয়েছে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে।

সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ৪৯তম প্রযোজনা হিসেবে নাটকটি প্রদর্শিত হয়। নাটকটির রচনা ও নির্দেশনা করেছেন জিয়াউল আহসান টিটো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক জনাব আহমেদ জিয়াউর রহমান।
নাটকে বাউল সম্রাট লালনের জীবন সংগ্রাম, মানবধর্ম, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার দিকগুলো তুলে ধরা হয়। লালনের গান, বাণী ও দর্শনের মধ্য দিয়ে সমাজের অসঙ্গতি ও কুসংস্কারের বিরুদ্ধে তার অবস্থানকে নাট্যরূপ দেওয়া হয়।
লালন চরিত্রে অভিনয় করেন কামরুজ্জামান শিমুল। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন শরীফ চৌধুরী, মাকসুদুল ইসলাম খান রতন, নাজমুল হোসেন বাবু, জুয়েল শাহ, মানিক শাহ, মনিরুল শাহ প্রমুখ। আলোক পরিকল্পনা ও আবহ সংগীতে ছিলেন মোস্তফা কামাল।
বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায় ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী বলেন, ‘লালনের দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে লালনকে পরিচয় করিয়ে দিতেই আমাদের এই প্রয়াস।’

নাটক শেষে দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনেতা ও কলাকুশলীদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে স্থানীয় সংস্কৃতিকর্মী, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন