চাঁদপুর সদরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ৭ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
রবিবার দুপুরে চাঁদপুর-ফরিদগঞ্জ হাইওয়ে রোডের সোনালী ব্যাংকের সামনে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেফতারকৃত হলেন- শাওন গাজী (২০), পিতা- কবির গাজী, মাতা- আমেনা বেগম। তার বাড়ি চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ড, মধ্য তরপুরচন্ডী গাজী বাড়ি।
অভিযানকালে তার কাছ থেকে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় ৭ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরে বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তানভীর রাব্বী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আসামীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মামলাটি প্রসিকিউশন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের পরিদর্শক মোঃ আবু রেজা মেহেদী হাসান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জানায়, জেলায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।