আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ খান মিলাদ, দোয়া ও গণসংযোগের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন।
শুক্রবার তেলিসাইর পূর্ব পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি এবং সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া শেষে ফারুক আহমেদ খান স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও দোয়াই আমার অনুপ্রেরণা। জনগণের সমর্থন নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে রাজনৈতিক জীবনে নানা মামলা-হামলা ও নির্যাতন সত্ত্বেও দলের আদর্শে অবিচল থেকে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে সবসময় দল ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছি।
আগামীতেও জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই উল্লেখ করে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।