POPULAR BD NEWS
Popular BD News Logo

যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে – প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬ | সময়: ১০:৫৮ অপরাহ্ণ

ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে আয়োজিত সভায় তিনি বলেন, “এখনকার যুদ্ধটা অনেক বড়। এখানে টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিষ্ঠান ও অর্থনীতি বড় ক্ষতির মুখে পড়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর ধাপে ধাপে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও সমস্যাগুলোও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী দেশের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কাউকে আলাদা মনে করা হয় না, সবাইকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নেওয়া হবে।

সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা পৃথক ভূমি কমিশন গঠন, সাংবিধানিক স্বীকৃতি, ভূমির মালিকানা প্রতিষ্ঠা, সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন, ঋণ সুবিধা বৃদ্ধি এবং উচ্ছেদ বন্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

এ সময় স্বাস্থ্য খাত নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আরও উন্নত করে ১০১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কিডনি ডায়ালাইসিস ও হার্টের রিংসহ জরুরি চিকিৎসাসামগ্রীর ওপর কর কমানোর বিষয়েও আলোচনা চলছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন