ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী লায়ন ফখরুল আহমেদ ফয়সাল।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি, সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন ফখরুল আহমেদ ফয়সাল বলেন, “একটি এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার মান যত উন্নত হবে, ততই ওই এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তখন প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করে থাকতে হবে না। আমাদের জেলার সন্তান মাননীয় শিক্ষা উপদেষ্টার সহযোগিতায় বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যাসহ অন্যান্য সমস্যা সমাধানে সহায়তা পাওয়া যাবে বলে আমরা আশাবাদী। তবে তার আগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে লেখাপড়ার মানোন্নয়নে মনোযোগী হতে হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো স্নেহ ও আন্তরিকতার সঙ্গে গড়ে তুলবেন—এটাই আমার প্রত্যাশা। ভালো ফলাফলের পাশাপাশি তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদ বলেন, “নবনির্বাচিত সভাপতি লায়ন ফখরুল আহমেদ ফয়সালের নেতৃত্ব এবং শিক্ষক মণ্ডলীর আন্তরিক প্রচেষ্টায় গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয় ফরিদগঞ্জ উপজেলার একটি শ্রেষ্ঠ ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আমরা আশা করি। আমি ব্যক্তিগতভাবেও এ প্রচেষ্টায় সর্বোচ্চ সহযোগিতা করব। এলাকার শিক্ষাব্যবস্থা উন্নত হলে শিক্ষার্থীদের আর বাইরে গিয়ে পড়াশোনার প্রয়োজন হবে না। এ অঞ্চল ইতোমধ্যে একটি আদর্শ শিক্ষা ক্যাম্পাস হিসেবে পরিচিতি লাভ করেছে।”
সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ব্যবস্থাপনা কমিটির সদস্য ইমাম হোসেন, বিএনপি নেতা মনির হোসেন পাটওয়ারী, অভিভাবক প্রতিনিধি মামুনুর রহমান ভূঁইয়া, শিক্ষক প্রতিনিধি বজলুর রহমান, বিএনপি নেতা বাবুল মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।