বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নিম ও আমড়া গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৩ জুলাই) সকালে নতুন খনন করা সরিকল-বাটাজোর খালপাড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান, তিনিও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
বৃক্ষরোপণ শেষে প্রধানমন্ত্রী বলেন, শুধু গাছ লাগালেই হবে না, চারার যত্ন নিতে হবে। শিশুর মতো পরিচর্যা করলে গাছও বড় হয়ে মানুষের উপকারে আসবে। এ কর্মসূচির আওতায় আড়াই হাজার গাছের চারা রোপণ করা হবে বলে জানান তিনি।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। গৌরনদীর কর্মসূচি শেষে তিনি বরিশাল শহরের উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বরিশাল সফর বলে জানানো হয়েছে।