চাঁদপুরের হাজীগঞ্জে উৎসবমুখর পরিবেশে রোটারি ক্লাব অব হাজীগঞ্জের রোটারি বর্ষ ২০২৬-২০২৭-এর Collar Handover and Takeover Installation Ceremony অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টায় হাজীগঞ্জ বাজারের শেরাটন হোটেলের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে রোটারিয়ান পিপি ইমাম হোসাইন পিএইচএফ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিডিজি দিল নাশীন মোহসেন, বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান পিএজি মো. শফিকুল ইসলাম শামীম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান চার্টার প্রেসিডেন্ট ডা. আলমগীর কবির পাটওয়ারী এবং রোটারিয়ান পিপি বি. এম. আহসান কালিম পিএইচএফ।
অনুষ্ঠানে ২০২৬-২০২৭ রোটারি বর্ষের নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান মো. মশিউর রহমান পাটওয়ারীর কাছে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব হস্তান্তর করা হয়। একই সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে রোটারিয়ান মো. সাইফুল আলম পলাশ দায়িত্ব গ্রহণ করেন। এ সময় নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যদেরও অভিষেক সম্পন্ন হয়।
বক্তারা বলেন, রোটারির মূল লক্ষ্য মানবসেবাকে আরও বিস্তৃত করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর ভূমিকা রাখা। নতুন নেতৃত্বের মাধ্যমে ক্লাবের সেবামূলক কার্যক্রম, নেতৃত্বের বিকাশ ও সমাজকল্যাণমূলক উদ্যোগ আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় রোটারির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রোটার্যাক্ট সদস্য, সুধীজন এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর ও অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।