বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন চাঁদপুরের কৃতী সন্তান মো. আনিছুর রহমান।
সোমবার, ৬ জুলাই ২০২৬ তারিখে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের পূর্বে তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ১০(৪) অনুযায়ী বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসর-উত্তর ছুটি স্থগিতের শর্তে তাকে এই নিয়োগ দেওয়া হয়।
ডেপুটি গভর্নর পদে থাকা মো. জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের পর শূন্য হওয়া এই পদে মো. আনিছুর রহমানকে নিয়োগ দেওয়া হলো।
মো. আনিছুর রহমান বাংলাদেশ ব্যাংকের একজন অভিজ্ঞ কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন।
দেশের ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, খেলাপি ঋণ কমানো এবং আর্থিক খাতের সংস্কার প্রক্রিয়ায় তার এই নিয়োগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সন্তান।