POPULAR BD NEWS
Popular BD News Logo

‘ভইরা-দে গ্রুপের’ আরও পাঁচ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: জুলাই ৬, ২০২৬ | সময়: ৭:০৫ অপরাহ্ণ

রাজধানীর পল্লবীতে সক্রিয় কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ আরও পাঁচ সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। রোববার রাতে পল্লবীর অ্যাভিনিউ-৫ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার (৬ জুলাই) র‍্যাব-৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রজ্জব হোসেন (২৩), মেহেদী হাসান ওরফে টুন্ডা হাসান (৩০), আলফাজ আহমেদ আসু (২২), সোহেল রানা (৩৯) এবং শাহা পরান (২৩)। র‍্যাবের তথ্য অনুযায়ী, তারা সবাই পল্লবীতে সক্রিয় ‘ভইরা-দে গ্রুপের’ সদস্য। এর মধ্যে রজ্জব ও মেহেদী গ্রুপটির নেতা আশিকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

র‍্যাব জানায়, সম্প্রতি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রুপটির সদস্যরা শোডাউন করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে র‍্যাব বিষয়টি গুরুত্ব দিয়ে ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার মেহেদীর বিরুদ্ধে পল্লবী ও কাফরুল থানায় দুটি মামলা রয়েছে। আলফাজের বিরুদ্ধে পল্লবী থানার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া সোহেল রানার বিরুদ্ধেও পল্লবী থানায় মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, এর আগে ১৭ জুন ও ৪ জুলাই পৃথক অভিযানে একই গ্যাংয়ের আরও পাঁচ সদস্য- পারভেজ, টান আকাশ, শিশির আহম্মেদ ইমন, আবদুল্লাহ এবং আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ অভিযানের পর ‘ভইরা-দে গ্রুপের’ মোট ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন