POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ক্রীড়া ব্যক্তিত্বের ঘরে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৬, ২০২৬ | সময়: ১২:৪৯ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় ৭নং ওয়ার্ডের খন্দকার বাড়িতে ক্রীড়া ব্যক্তিত্ব পলাশের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

শনিবার (রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে) এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সময় পলাশ বাসায় ছিলেন না। তার স্ত্রী নিচে বোনের বাসায় যান। পরে বাসায় ফিরে বসতঘর এলোমেলো দেখতে পেয়ে তল্লাশি করে দেখেন ঘর থেকে ১ ভরি ওজনের স্বর্ণালংকার- ৩টি আংটি ও ৩ জোড়া কানের দুল, যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা এবং ব্যবসার নগদ ১ লক্ষ ৩ হাজার টাকা চুরি হয়েছে।

এসময় স্ত্রী ও বাসার এক বাসিন্দা ছাদে তল্লাশি করতে গেলে ১নং আসামি রুবেল প্রকাশ বাংলা রুবেলকে পাশের বিল্ডিংয়ের ছাদ দিয়ে পালিয়ে যেতে দেখেন স্থানীয়রা।

রুবেল প্রকাশ বাংলা রুবেল টোরাগড় সিরাজ খান বাড়ির আ. কাদেরের ছেলে। অভিযোগে অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী পলাশ জানান, চোরচক্র মাদকসেবী। দীর্ঘদিন ধরে তারা এলাকায় চুরি ও অসামাজিক কার্যকলাপ করে আসছে। স্থানীয়ভাবে কয়েকবার সতর্ক করা হলেও তারা থামেনি। ঘটনার পর গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মালামাল উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। চোরচক্র এখন এলাকা ছেড়ে পালিয়েছে।

তিনি আরও বলেন, “আমি একজন ব্যবসায়ী। ব্যবসার টাকা ঘর থেকে চুরি হয়েছে। ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পেতে এবং মালামাল উদ্ধারে চোরচক্রকে আইনের আওতায় আনার দাবি জানাই।”

এ ঘটনায় পলাশ বাদী হয়ে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হাজীগঞ্জ থানার ওসি মো. আব্দুল মান্নান জানান, “অভিযোগ পেয়েছি। চোরচক্রকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন