POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাস টার্মিনালে গণসংযোগ করলেন জামায়াতের মেয়র প্রার্থী জাকির হোসেন মজুমদার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৫, ২০২৬ | সময়: ১১:২৬ পূর্বাহ্ণ

আগামী হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।

শনিবার বিকেলে তিনি হাজীগঞ্জ বাস টার্মিনাল এলাকায় সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল ও সালাম বিনিময় করেন। এসময় সাধারণ যাত্রী, ব্যবসায়ী, শ্রমিক ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং পৌরসভার বিভিন্ন সমস্যার কথা শোনেন।

গণসংযোগকালে মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন, “হাজীগঞ্জকে একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হলে সড়ক, ড্রেনেজ, বাজার ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মানোন্নয়নে অগ্রাধিকার দেব।”

এসময় স্থানীয় জামায়াত নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলতে পেরে খুশি প্রকাশ করেন সাধারণ মানুষ। অনেকে পৌরসভার জলাবদ্ধতা, রাস্তাঘাটের বেহাল দশা ও বাজারের শৃঙ্খলা নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

জাকির হোসেন মজুমদার সবার দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, “জনগণের সেবক হয়ে কাজ করাই আমার মূল লক্ষ্য। ইনশাআল্লাহ আপনাদের সমর্থনে হাজীগঞ্জ পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তর করব।”

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন