POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের দায়ে দু’জনকে ২০ হাজার টাকা জরিমানা

মো. নাছির উদ্দিন | প্রকাশিত: জুলাই ৪, ২০২৬ | সময়: ৮:৫৮ অপরাহ্ণ

কচুয়া উপজেলায় কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে দুই ড্রেজার মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

শনিবার (০৪ জুলাই) দুপুরে উপজেলার ভূইয়ারা ও মেঘদাইর গ্রামে পৃথক দুটি অভিযান পরিচালনা করেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ. আবু নাছির।

অভিযানে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে ফসলি জমি থেকে বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় প্রচলিত আইনে ড্রেজার মালিক মোহাম্মদ ফিরোজ মিয়া ও বোরহান উদ্দিনকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ভেঙে ধ্বংস করা হয়। পাশাপাশি ভবিষ্যতে যেন কেউ অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন না করে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনাকালে কচুয়া থানার এএসআই মো. আতিকুর রহমানসহ পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।

কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু নাছির বলেন, “পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। আইন অমান্য করে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের মতে, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ বালু উত্তোলন অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

ছবি: অবৈধ ড্রেজার গুড়িয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করছেন এসিল্যান্ড মো.আবু নাছির।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন