POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার একদিন পর জামিন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২, ২০২৬ | সময়: ৯:৫৯ পূর্বাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী শাকিল আহমেদ প্রিন্সের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার একদিন পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেছেন।

আদালত সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থানার সিআর মামলা নং-৮১৮/২০২৫-এ আসামি শাকিল আহমেদ প্রিন্স নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় চাঁদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে পলাতক গণ্য করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের আদেশে পরবর্তী ধার্য তারিখের মধ্যে তাকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে গ্রেফতারি পরোয়ানা জারির পরদিন শাকিল আহমেদ প্রিন্স স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকা ও জামিনদারের জিম্মায় তার জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।

মামলার অপর দুই আসামি হলেন হাজীগঞ্জ মডেল কলেজের সাবেক অধ্যক্ষ ও হাজীগঞ্জ বড় মসজিদের সাবেক মোতাওয়াল্লী ড. আলমগীর কবির পাটওয়ারী এবং হাইকোর্ট বিভাগের আইনজীবী শাহরিয়ার আহমেদ শাওন। এর আগে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন।

মামলার বাদী কবির হোসেন লিটনের অভিযোগ, আসামিরা তার অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত। এ অভিযোগে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ১০৯ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

তবে আসামিপক্ষের আইনজীবীর দাবি, বাদী কবির হোসেন লিটন তাদের প্রতিষ্ঠানের একজন কর্মচারী ছিলেন। তিনি হাজীগঞ্জ মডেল হাসপাতাল ও মকিমউদ্দিন শপিং সেন্টারের কাজ অসমাপ্ত রেখে যথাযথ হিসাব বুঝিয়ে না দিয়ে চাকরি ছেড়ে দেন। এ কারণে বাদীপক্ষের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত বিষয়টি বিচারাধীন হিসেবেই বিবেচিত হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন