POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে অনুমতি ছাড়াই চলছে মেলা, বিকট শব্দে বিপাকে এইচএসসি পরীক্ষার্থীরা

সুমন আহমেদ | প্রকাশিত: জুন ৩০, ২০২৬ | সময়: ৯:৪৪ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর গ্রামে অনুমতি ছাড়াই একটি মেলা অনুষ্ঠিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মেলার আড়ালে প্রতিদিন সন্ধ্যার পর গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে গান ও অশ্লীল নৃত্যের আয়োজন করা হচ্ছে। এতে একদিকে যেমন এলাকার শিক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক বিঘ্ন ঘটছে, অন্যদিকে যুব সমাজের নৈতিক অবক্ষয়ের আশঙ্কাও বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার ঠিক আগে এমন আয়োজন পরীক্ষার্থীদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। রাতভর মাইকের বিকট শব্দে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে।

গাজীপুর এলাকার এইচএসসি পরীক্ষার্থী সাদিয়া আক্তার বলেন, পরীক্ষা একেবারে সামনে। কিন্তু সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এত জোরে গান বাজানো হয় যে বই নিয়ে বসেও মনোযোগ ধরে রাখা যায় না। আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাই।

এসএসসি পরীক্ষার্থী আশিক রহমান বলেন, গত সাত দিন ধরে মেলার মাইকের বিকট শব্দের কারণে ঠিকমতো পড়াশোনা করা সম্ভব হচ্ছে না। গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান চলায় বিশ্রামও নেওয়া যায় না।

স্থানীয় অভিভাবক আবুল কালাম বলেন, আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অন্তত পরীক্ষার সময় মেলা বন্ধ রাখা উচিত ছিল। কিন্তু আয়োজকদের কাছে বারবার অনুরোধ করেও কোনো লাভ হয়নি।

গাজীপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, রাত বাড়ার সঙ্গে সঙ্গে শব্দ আরও বেড়ে যায়। অনেক পরিবার ছোট শিশু ও বৃদ্ধদের নিয়ে চরম ভোগান্তিতে রয়েছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমি মেলা না করার জন্য আয়োজকদের অনুরোধ করেছিলাম। কিন্তু উল্টো আমাকে হুমকি ও ধমক দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে মেলার পরিচালক ফিরোজ বলেন, সরকারি জায়গায় মেলা দিতে আবার কিসের অনুমতি? তবে তিনি অনুমতি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

এ ঘটনায় এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, পরীক্ষার সময় শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় উচ্চ শব্দে গান-বাজনা ও বিতর্কিত অনুষ্ঠান বন্ধ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, গাজীপুর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় বসা অস্থায়ী মেলার জন্য প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি। বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। অবৈধভাবে পরিচালিত এ মেলা বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন