চাঁদপুরের কচুয়ায় বৃদ্ধা ফাতেমা বেগম হত্যাকাণ্ডের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই মূল আসামী ইয়াছিন মিয়াজী (২২) গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ঘর থেকে লুট হওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।
সোমবার উপজেলার পাথৈর ইউনিয়নে সংঘটিত চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে দ্রুততম সময়ে আসামি গ্রেফতার করায় পুলিশের ভূমিকার প্রশংসা করছেন স্থানীয়রা।
গত রবিবার রাতে পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামে সিঁদ কেটে ঘরে ঢুকে বৃদ্ধা ফাতেমা বেগমকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনার পরপরই কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশে মাঠে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ ১২ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে লুট করা স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
দ্রুততম সময়ে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করায় কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেনকে।
ওসি মো. আজিজুল ইসলাম বলেন, কচুয়ায় কোনো অপরাধী পার পাবে না। অপরাধ দমনে পুলিশ সব সময় তৎপর রয়েছে।