চাঁদপুর নৌ থানা পুলিশের অভিযানে লঞ্চঘাট এলাকা থেকে ৭ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ জুন ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
চাঁদপুর নৌ থানার এসআই সুফল চন্দ্র সিংহ সঙ্গীয় ফোর্সসহ লঞ্চঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করেন। পরে তাদের ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো:
১. মোসা. জান্নাতুন নেছা (২০), স্বামী- কাজল ইসলাম, সাং- হিন্দা সোনার পাড়া, ক্ষেতলাল, জয়পুরহাট।
২. রেশমি আক্তার লিজা (১৯), স্বামী- আরিফিন হক জীবন, সাং- উত্তর রামপুর, জয়পুরহাট সদর।
৩. মো. ইউনুছ (৫৩), পিতা- মৃত বুদ্দু দেওয়ান, সাং- চরহোগলা, মেহেন্দিগঞ্জ, বরিশাল। বর্তমান ঠিকানা- মিরপুর-১, ঢাকা।
পুলিশ জানায়, ইউনুছের ব্যাগ থেকে ৩ কেজি এবং জান্নাতুন নেছা ও রেশমির ব্যাগ থেকে ৪ কেজিসহ মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে গাঁজার চালানটি সংগ্রহ করে লঞ্চযোগে ঢাকায় নেওয়ার পরিকল্পনা ছিল। এই চক্রটি দীর্ঘদিন ধরে একই রুটে মাদক পরিবহন করে আসছিল।
চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মো. আজমগীর হোসাইন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।