POPULAR BD NEWS
Popular BD News Logo

জমি বিরোধে মসজিদে ঢুকে ছোট ভাইকে হত্যা

অনলাইন ডেস্ক - | প্রকাশিত: জুন ২২, ২০২৬ | সময়: ২:৩৬ অপরাহ্ণ

ভাই বড় ধন, রক্তের বাঁধন-সেই বাঁধনকে চিরতরে ছিঁড়ে ফেললো মসজিদে নামাজরত আপন ছোট ভাইয়ের রক্তে রঞ্জিত বড় ভাই। এ যেন আইয়ামে জাহেলিয়াত যুগকেও হার মানায়।

মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিকে খাস জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় ছুরিকাঘাতে আপন ছোট ভাই নজরুল সরদারকে হত্যা করেছে বড় ভাই হারুন সরদার।

ঘটনাটি ঘটে ২১ জুন রোববার যোহর নামাজের সময় মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ১ নং আন্ধারমানিক ইউনিয়নে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পৈতৃক জমি বণ্টনের পর কিছু খাস জমি ছিল, যা বড় ভাই হারুন সরদার দীর্ঘদিন ধরে ভোগ করতেন। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝামেলা হয়।

রোববার সকালে ছোট ভাই সেই জমিতে বেড়া দেন। এতে ক্ষুব্ধ হয়ে বড় ভাই হারুন সরদার নামাজরত অবস্থায় মসজিদে ঢুকে ছোট ভাই নজরুল সরদারকে কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বরিশাল নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ সংবাদমাধ্যমকে জানান, জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক হারুন সরদারকে আটকের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন