POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে খাল দূষণ করায় ৩ রাইস মিল মালিকের জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ১৮, ২০২৬ | সময়: ১১:২৫ অপরাহ্ণ

চাঁদপুর শহরের পুরান বাজার খাল দূষণ ও ভরাট করার কারণে তিন রাইস মিল মালিককে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পুরান বাজার নাপিতবাড়ি খাল এলাকায় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

এসব তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে পুরান বাজার নাপিতবাড়ি খালে ধানের তুষ ও ছাই এবং ধান সিদ্ধ গরম পানি অপসারন করে খাল দূষণ ও ভরাট করায় ময়নামতি অটো রাইস মিল মালিককে ৫০হাজার টাকা, বাবা অটো রাইস মিল মালিককে ৬০ হাজার টাকা এবং আজমিরি অটো রাইস মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এছাড়া পরিবেশ অধিদপ্তর এর অন্যান্য কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতে আইন শৃংখলা রক্ষায় জেলার একদল পুলিশ ফোর্স সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, নাপিতবাড়ি খালে অপসারণকৃত ধানের তুষ ও ছাই অনতিবিলম্বে অপসারণ করে খাল দূষণমুক্ত রাখার জন্য রাইসমিল কর্তৃপক্ষকে ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন