POPULAR BD NEWS
Popular BD News Logo

সাংবাদিকদের লিগ্যাল নোটিশ: ক্ষমা চাইলেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের মোতওয়াল্লী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ১৩, ২০২৬ | সময়: ১:৩৪ অপরাহ্ণ

হাজীগঞ্জে সাংবাদিকদের লিগ্যাল নোটিশ প্রদান ও মামলার হুমকির বিষয়টি ভুলবশত হয়েছে, উল্লেখ করে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ। এ বিষয়ে ভবিষ্যতে সতর্ক থাকবেন উল্লেখ করে তিনি সংবাদকর্মীদের সাথে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে হাজীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সংবাদকর্মীদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অনাকাঙ্খিত বিষয়ে তিনি প্রেসক্লাব নেতৃবৃন্দ’সহ হাজীগঞ্জে কর্মরত সংবাদকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেন। এসময় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের আইন উপদেষ্টা ব্যরিস্টার শাহরিয়ার আহমেদ উপস্থিত ছিলেন।

প্রিন্স শাকিল আহমেদ বলেন, আপনাদের সাথে আমাদের বিরোধ সৃষ্টি হোক, এটি আমরা চাইনা। কারণ, আমরা একই পরিবার। আমার বাবা ড. আলমগীর কবির পাটওয়ারী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সেই প্রেসক্লাবে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমরা প্রেসক্লাবকে আরো এগিয়ে নিয়ে যাবো।

আমাদের মাঝে অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হোক, এটি আমরা চাইনা উল্লেখ করে তিনি বলেন, আপনারা ও আমরা কেউ হাজীগঞ্জ ছেড়ে যাবো না। আমি মারা গেলে আপনি জানায়া’য় আসবেন, আপনি মারা গেলে আমি যাবো। তাই, আপনারা-আমরা সবাই কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে নতুন ও সুন্দর একটি হাজীগঞ্জকে রুপান্তর করতে চাই।

এর আগে লিগ্যাল নোটিশের কারণ ও বিভিন্ন দিক উল্লেখ এবং বিষয়টি ভুলবশত হয়েছে বলে জানান, ব্যরিস্টার শাহরিয়ার আহমেদ। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমন উপলক্ষ্যে যখন তড়িঘড়ি করে উচ্ছেদ অভিযান এবং বিভিন্ন খাল উদ্ধারের কার্যক্রম শুরু হয়েছিলো।

তিনি বলেন, তখন আমরা মনে করেছিলাম, মসজিদ কমপ্লেক্সের মালিকীয় সম্পত্তিতেও খাল খনন হবে। কারণ, আপনাদের প্রকাশিত সংবাদের মাধ্যমেই খাল উদ্ধার কার্যক্রমের খবরটি জানতে পারি। তাই, আমি কমপ্লেক্সের আইন উপদেষ্টা হিসেবে ভবিষ্যৎ জবাবদিহিতার লক্ষ্যে লিগ্যাল নোটিশ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করি।

তিনি বলেন, পরবর্তীতে বিষয়টি ভালোভাবে অবগত হওয়ার পর লিগ্যাল নোটিশ প্রদানের বিষয়টি স্থগিতের সিদ্ধান্ত নেই এবং আমি যাদের মাধ্যমে কাজ করি, তাদেরকেও জানিয়ে দেই। কিন্তু অফিসিয়াল কার্যক্রমের ভুল কিংবা অজ্ঞাতবশত বা অনিচ্ছাকৃত বলতে পারেন, লিগ্যাল নোটিশ আপনাদের কাছে প্রেরণ করা হয়।

ব্যরিস্টার শাহরিয়ার আহমেদ বলেন, যখন আপনাদের একজন সহকর্মীর মাধ্যমে বিষয়টি জানতে পারি, তখন আমি লিগ্যাল নোটিশপ্রাপ্ত শামীম ভাই, এনায়েত ভাই, বিশেষ করে হাবীব ভাইয়ের সাথে প্রতিনিয়ত যোগযোগ করেছি। আমি বলেছি, ঢাকায় থাকার কারণে আমি মঙ্গলবার (৯ জুন) হাজীগঞ্জে এসে আপনাদের সাথে কথা বলবো।

তিনি বলেন, আমি সময়মতো অর্থ্যাৎ মঙ্গলবারের আগে আসতে না পারায় এতো কিছু হয়ে গেছে। তার জন্য দুঃখ প্রকাশ করছি। হয়তো, আমি সময়মতো আসতে পারলে বিষয়টি নিয়ে এতোটা বাড়াবাড়ি হতো না। তাছাড়া আমরা লিগ্যাল নোটিশ পরিবর্তে অবহিতকরণ উল্লেখ করা উচিত ছিলো। এর সম্পূর্ণ দ্বায়ভার আমার।

তিনি বলেন, আমি মনে করি আমার কার্যক্রমের কারণেই এই ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। আর এই ভুল বুঝাবুঝির কারণে কোন অবস্থাতেই আহম্মদ আলী পাটওয়ারী ওয়াকপ এস্টেটের (বড় মসজিদ কমপ্লেক্স) সাথে আপনাদের দুরত্মের সৃষ্টি না হয়। সেজন্য আপনাদের সাথে বারবার যোগাযোগ করেছি এবং এ মতবিনিময়ে আয়োজন করেছি।

ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ বলেন, কমপ্লেক্সের সাথে যে খালটির কথা উল্লেখ করা হয়েছে, প্রকৃত পক্ষে ওই খালটি হচ্ছে সাবেক ৯০৩ দাগে। অর্থ্যাৎ মসজিদের আরো পূর্ব দিকে। ওই স্থানে সরকারি জায়গায় সরকারিভাবে খাল খনন হলে আমাদের আপত্তি নেই। কিন্তু মসজিদ ভবন ও মসজিদের স্থাপনা সরকারি ভূমিতে নেই।

তিনি বলেন, মসজিদ ভবন সাবেক ৯২৬ দাগ ও মসজিদের উত্তর পাশের বিভিন্ন স্থাপনা সাবেক ৯২৫ দাগে। যা মসজিদের ক্রয়কৃত নিজস্ব সম্পত্তি (ভূমি)। যা ১৯৬০ সালে কেনা হয়েছিলো। যার দলিল নং- ৪০০২ ও ৪৮২৫। তারপর বিস্তারিত জানতে হলে কমপ্লেক্স অফিসে গেলে আমরা প্রয়োজনীয় কাগজপত্র আপনাদেরকে দিয়ে দিবো।

হাজীগঞ্জ প্রেসক্লাবের খালেকুজ্জামান শামীমমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের উপস্থাপনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ’সহ উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৫ মে হাজীগঞ্জ বাজারস্থ হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের উত্তর পাশে থাকা হারিয়ে যাওয়া খালটির অবস্থান নির্ধারনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানসহ উপজেলা ও পৌর ভূমি অফিস এবং পৌরসভার কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেন।

উক্ত পরিদর্শনের বিষয়টি সংবাদমাধ্যমে (প্রিন্ট ও অনলাইন) প্রচার ও প্রকাশ করায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের মোতওয়াল্লী কর্তৃক প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তের প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি এনায়েত মজুমদার, অর্থ সম্পাদক ও ডেইলি অবজারভার প্রতিনিধি মোহাম্মদ হাবীব উল্যাহ্, স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল আরকেনিউজ৭১ ও নিউজ ডাকাতিয়ার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রদান ও মামলার হুমকি প্রদান করা হয়।

বিষয়টি স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ ও সাংবাদিকদের কন্ঠ রূদ্ধ করার অপচেষ্টা মনে করেন সাংবাদিকরা। তাই, সাংবাদিকদের লিগ্যাল নোটিশ প্রদান ও মামলার হুমকির প্রতিবাদে গত ৮ জুন (সোমবার) প্রেসক্লাব কার্যালয়ে অনির্ধারিত এক জরুরি বৈঠকে চার দিনব্যাপী কর্মসূচী ঘোষণা করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন