POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজ সরকারিকরণে খবরে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ১২, ২০২৬ | সময়: ৭:৪০ অপরাহ্ণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজ সরকারিকরণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র‍্যালি করেছে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

শুক্রবার বিকালে মেহের ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে র‍্যালিটি শুরু হয়ে শাহরাস্তির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ‘মেহের ডিগ্রি কলেজকে জাতীয়করণ করায় কৃতজ্ঞতা’ লেখা ব্যানার হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন।

এরআগে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ শাহরাস্তি-হাজীগঞ্জ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি।

বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন। সভাপতিত্ব করেন মেহের ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আবু ইউসুপ রুপম পাটওয়ারী। তত্ত্বাবধানে ছিলেন কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সদয় সম্মতিতে মেহের ডিগ্রি কলেজ সরকারিকরণ হওয়ায় এ অঞ্চলের হাজারো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ সুগম হলো। এজন্য তারা সরকার ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুরো এলাকা জুড়ে বেলুন ও ব্যানার-ফেস্টুনে সাজানো হয়। শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসবের আমেজ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন