চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে বালুবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ৯ জুন দুপুরে ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর চৌ-রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন ফরিদগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের আমিনুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চাঁদপুরগামী একটি বালুবাহী পিকআপ বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আল আমিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক পিকআপ ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।