POPULAR BD NEWS
Popular BD News Logo

হাইমচরে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, সালিশের চেষ্টা ভেস্তে দিয়ে পুলিশি অভিযান

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ৮, ২০২৬ | সময়: ৬:৪২ অপরাহ্ণ
হাইমচর

চাঁদপুরের হাইমচরে স্কুলে যাওয়ার পথে এক শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে সালিশি বৈঠকের মাধ্যমে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা ভেস্তে গেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

গত ৭ জুন রবিবার সকালে হাইমচরের ৬নং চরভৈরবী ইউনিয়নে স্কুলে যাওয়ার পথে এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় একটি মহল সালিশি বৈঠক করে নামমাত্র জরিমানা ও জুতার আঘাতের রায় দেয়ার চেষ্টা করে বলে অভিযোগ।

ভুক্তভোগী শিশুর মা টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করে রাষ্ট্রীয় আইনে বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ হন। খবর পেয়ে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও হাইমচর থানা পুলিশ হস্তক্ষেপ করেন।

ইউএনও অমিত রায় বলেন, “এ ধরনের ঘটনা অ-আপোষযোগ্য ফৌজদারি অপরাধ। সালিশের মাধ্যমে মীমাংসা বেআইনি। যারা ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।”

হাইমচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান জানান, মৌখিক অভিযোগের ভিত্তিতে রাত থেকেই পুলিশি তৎপরতা শুরু হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পরামর্শ দেয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল কবীর বলেন, “এ ধরনের জঘন্য অপরাধে জিরো টলারেন্স নীতি। মূল অপরাধী ও ধামাচাপাদাতা উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন