চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সুখবর। দীর্ঘদিনের দাবির পর উপজেলার স্বনামধন্য “মেহের ডিগ্রি কলেজ” জাতীয়করণের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ২ মে ২০২৬ তারিখে কলেজটিকে সরকারিকরণের লক্ষ্যে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৯/০৮/২০১৫ তারিখের সংখ্যা ০.০.২৬০.০.১৪.২৮-০৪ পত্রের প্রেক্ষিতে শাহরাস্তি উপজেলাধীন “মেহের ডিগ্রি কলেজ” সরকারিকরণের অনুমোদন সংক্রান্ত কার্যক্রম শুরু করতে হবে।
চিঠিতে কলেজটিকে জাতীয়করণের লক্ষ্যে পরবর্তী কার্যক্রম হিসেবে ৩টি বিষয়ে প্রতিবেদন চাওয়া হয়েছে:
1. নিয়োগ ও স্থাবর-অস্থাবর সম্পদের হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ।
2. প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রেরণ।
3. অধিক সংখ্যক শিক্ষার্থীর ভর্তির সুযোগ থাকা সত্ত্বেও কোনো সমস্যা আছে কিনা সে বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আইন উপদেষ্টার মতামতসহ প্রতিষ্ঠান গ্রহণে অনীহার কারণ থাকলে প্রতিবেদন প্রেরণ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো এ চিঠির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
মেহের ডিগ্রি কলেজ জাতীয়করণের এ খবরে শাহরাস্তির শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। স্থানীয়রা মনে করছেন, কলেজটি সরকারি হলে এখানকার মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা স্বল্প খরচে উচ্চশিক্ষার সুযোগ পাবে।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি আবু ইউছুফ রুপম পাটোয়ারী বলেন, ‘সরকারিকরণের প্রাথমিক নির্দেশনা পেয়ে আমরা আনন্দিত। শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত প্রস্তুত করে পাঠানো হবে।’