POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

সুমন আহমেদ | প্রকাশিত: মে ৩১, ২০২৬ | সময়: ১২:৩৬ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বিকেলে মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে আনন্দ বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা। তিনি তাঁর বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধের সময় তাঁর ঐতিহাসিক ভূমিকা এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তানভীর হুদা বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের আধুনিক রাষ্ট্র গঠনের অন্যতম স্থপতি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনা বিকাশে তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, কৃষি ও শিল্পখাতের উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর গৃহীত পদক্ষেপ আজও জনগণের কাছে স্মরণীয় হয়ে রয়েছে।”

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের কাছে জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবন তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশপ্রেম এবং জনগণের কল্যাণে তাঁর অসামান্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, দেশের সংকটময় সময়ে জিয়াউর রহমানের নেতৃত্ব জাতিকে নতুন পথ দেখিয়েছিল এবং তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া ও সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করা হয়। এছাড়াও দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়। উপস্থিত নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন