চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আমির হামজা নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমির হামজা পশ্চিম মহেশপুর মোল্লাবাড়ির সিএনজি চালক আলমগীর মোল্লার বড় ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সন্ধ্যার দিকে মহেশপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দের দিনে এমন মর্মান্তিক ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
২ নং বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিলন বলেন, “খুবই হৃদয়বিদারক একটি ঘটনা। ঈদের দিনে এমন দুর্ঘটনায় একটি পরিবার সন্তান হারালো, যা অত্যন্ত বেদনাদায়ক।”
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, “সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”