পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কূল ইউনিয়নের ২নং ওয়ার্ডের এন্নাতুলি গ্রামের এন্নাতলী দক্ষিণ পাড়া ঈদগাঁ ময়দানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় অনুষ্ঠিত এ জামাতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। ঈদের আনন্দ, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির এক অনন্য আবহে পুরো ঈদগাহ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
ঈদের জামাতে ইমামতি ও খুতবা প্রদান করেন আল মদিনা জামে মসজিদের খতিব মাওলানা আবু বকর। তিনি খুতবায় কোরবানির প্রকৃত শিক্ষা, ত্যাগ, তাকওয়া এবং মুসলিম উম্মাহর ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। নামাজ শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং এলাকার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে।
ঈদের জামাতে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আল মদিনা জামে মসজিদের মোতাওয়াল্লী আনোয়ার হোসেন, সমাজসেবক আব্দুল মান্নান পাটোয়ারী এবং সমাজসেবক আতিকুর রহমান টিটু। তারা ঈদের শিক্ষা অনুসরণ করে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ ঈদ জামাত গ্রামীণ ঐতিহ্য ও ধর্মীয় সৌন্দর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। নামাজ শেষে এলাকায় কোরবানির পশু জবাই কার্যক্রম শুরু হয়।