
চাঁদপুরে ২৭ লাখ মিটার জাল ও ৬ নৌকা জব্দ, আটক ১১ জেলে
Link Copied Successfully!

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশের অভিযানে ২৭ লাখ মিটার জাল, ৬ নৌকা জব্দসহ ১১ জেলেকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গেল ২৪ ঘন্টায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টের বড়ষ্টেশন, হরিনা, রাজরাজেশ্বর, লালপুর, চরভৈরবী, মোহনপুর, নীলকমল ও চরআন্দারমানিক অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলেদের বিরুদ্ধে মৎস্য রক্ষা আইনে মোহনপুরে ২টি, হরিনা পুলিশ ফাঁড়িতে ২টি ও নীলকমলে একটি মামলা সহ মোট ৫টি মামলা দায়ের করা হয়। এছাড়া জেলেদের ৬ টি নৌকা থেকে ২শ ৪১ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
অভিযানে অংশগ্রহণ নেন নৌ-পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তাসহ নৌ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

এ বিষয়ে নৌ-পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, সরকার ঘোষিত ২২ দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়নে নৌ পুলিশ সর্বদা তৎপর রয়েছে। নদীতে যারা নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এই অভিযান।




























