
মসজিদের পানির পাম্প নিজের বাড়িতে বসালেন যুবলীগ নেতা


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের জন্য সরকারের দেওয়া সাবমার্সিবল পানির পাম্প মসজিদে না বসিয়ে নিজের বাড়িতে বসিয়েছেন এক যুবলীগ নেতা। এমন অভিযোগ করেছেন এলাকাবাসী।
অভিযুক্ত যুবলীগ নেতা সাইফুর রহমান তারেক উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে। তিনি ২নং ভুনবীর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক।
পশ্চিম পাড়া মসজিদের সভাপতি দাবি করে এ যুবলীগ নেতা সাইফুর রহমান তারেক বলেন, মসজিদের কাজে ও স্থানীয় মানুষ যেন পানি ব্যবহার করতে পারেন সেজন্য এখানে পানির পাম্প বসানো হয়েছে।


মসজিদ কমিটির বর্তমান সভাপতি মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক আমান মিয়া বলেন, তারেক পশ্চিমপাড়া মসজিদের সভাপতি নয়। সে মসজিদের সভাপতি দাবি করে মানুষের কাছে বলে বেড়াচ্ছেন। মসজিদের কথা বলে সে তার বাড়িতে সরকারি পানির পাম্প বসিয়ে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন।
শ্রীমঙ্গল ২নং ভুনবীর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর রশীদ বলেন আমি শুনেছি মসজিদের নামে সরকারিভাবে একটি পানির পাম্প এনে তারেক তার বাড়িতে পানির পাম্পটি স্থাপন করেছে। এ বিষয়ে চেয়ারম্যান হিসেবে আমি ব্যবস্থা নেব।
হআই/নি








