
ঢাবিতে সাড়ে ১৭ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল ও আবাসিক ভবনে লোড ব্রেক সুইচ (এলবিএস) স্থাপনের প্রায় সাড়ে ১৭ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
যেসব ভবনে এলবিএস স্থাপন করার কথা, তার বেশির ভাগ জায়গায় এখনো তা পৌঁছায়নি। কোথাও দু-একটি যন্ত্রাংশ পাল্টে দিয়ে পুরোনো এলবিএসকে রং করে দেওয়া হয়েছে। কাজের বিষয়ে গ্রাহক বা ব্যবহারকারীর মতামত নেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। কাজ শেষ না হতেই ঠিকাদারকে তড়িঘড়ি করে চূড়ান্ত বিল পরিশোধের চেষ্টা চলছে।
এলবিএস মূলত একটি সুইচিং ডিভাইস। সাধারণত বিদ্যুৎ বিতরণ কোম্পানি থেকে যে এইচটি (হাই টেনশন) বিদ্যুৎ আসে, সেটি চাইলে ট্রান্সফরমারে সরাসরি ইনপুট দেওয়া যায়। কিন্তু প্রতিকূল বা জরুরি মুহূর্তে সেটি বিপজ্জনক হতে পারে। তাই সেটিকে নিয়ন্ত্রণের জন্য ট্রান্সফরমারের ক্ষমতা অনুযায়ী লোড ব্রেক সুইচ বা ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার ব্যবহার হয়। ৫০০ কিলো ভোল্ট অ্যাম্পিয়ারের চেয়ে কম ক্ষমতার ট্রান্সফরমারে লোড ব্রেক সুইচ ব্যবহার করা হয়।


বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হল ও আবাসিক ভবনে নষ্ট এলবিএস পরিবর্তন শীর্ষক কাজের আওতায় শামসুন নাহার হল, অমর একুশে হল, জগন্নাথ হলের অক্টোবর স্মৃতি ভবন, সুইমিং পুল ও এ এন এম মুনীরুজ্জামান ভবনে নষ্ট হয়ে যাওয়া এলবিএস পরিবর্তন করে সম্পূর্ণ নতুন এলবিএস স্থাপনের কথা।
সূত্র: প্রথম আলো
H/N



























