
ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানীর ইমামতিতে মতলব উত্তরের খলিফা শাহ লিয়াকত আলী প্রধানের জানাজা সম্পন্ন


দ্বীন, মানবতা ও তরিকতের একনিষ্ঠ সেবক, চাঁদপুরের মতলব উত্তরের বিশিষ্ট সমাজসেবক ও মাইজভাণ্ডার দরবার শরীফের খলিফা শাহ্ মোহাম্মদ লিয়াকত আলী মাইজভাণ্ডারী প্রধান আর নেই। গত রাত ৩টার দিকে চিটাগং রোডের বাসভবন থেকে হাসপাতালে নেওয়ার পথে শনির আখড়া এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে (স্ট্রোক) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ৩ কন্যা, একমাত্র ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (১ জুলাই) জোহর নামাজ শেষে দক্ষিণ ঠেটালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রিয় এই সূফি সাধককে শেষ বিদায় জানাতে ঢল নামে হাজারো মুসল্লি ও ভক্ত-আশেকানের।
মরহুমের শেষ অসিয়ত (ইচ্ছা) অনুযায়ী তাঁর নামাজে জানাজায় ইমামতি করেন তাঁরই পীর ও মুরশিদ, মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল হোসাইনী আল-মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী)। জানাযার পূর্বে স্মৃতিচারণমূলক বক্তব্যে পীর সাহেব হুজুর বলেন, “খলিফা শাহ্ মোঃ লিয়াকত আলী আজীবন দরবারের নির্দেশনা মেনে মানবকল্যাণ ও তরিকতের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত সরল ও উদার মনের মানুষ, মেহমানদারিতে যাঁর কোনো তুলনা ছিল না।”
তিনি আরও উল্লেখ করেন, লিয়াকত আলী প্রধান তাঁর ফিলিং স্টেশন সংলগ্ন ভবনে দরবারের কল্যাণে একটি খানকাহ্ শরীফ প্রতিষ্ঠা করেন। এ ছাড়া জনস্বার্থে কিছুদিন আগেই তিনি রাষ্ট্রের নামে প্রায় ২০ শতক জমি দান করে গেছেন। পীর সাহেব তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের জান্নাতুল ফেরদৌস কামনা করেন।


দক্ষিণ ঠেটালীয়া গ্রামের এক ঐতিহ্যবাহী পরিবারে জন্ম নেওয়া লিয়াকত আলী প্রধান ছিলেন মতলব সাত তলা ও ঠেটালীয়া শাহ সোলেমান ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী। তিনি শিক্ষার আলো ছড়াতে দক্ষিণ ঠেটালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জমি দান করেন এবং বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ৭ ভাই-বোনের মধ্যে তাঁর ছোট ভাই খেজমত আলী প্রধান ছাড়া বাকি সবাই আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন।
ধর্মপ্রাণ ও দানশীল এই ব্যক্তিত্বের আকস্মিক প্রয়াণে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।



























