
এইচএসসি পরীক্ষা পেছালো ১০ দিন


দেশের বিভিন্ন জেলায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে ১০ দিন পেছাল তিন বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা। বোর্ডগুলো হলো—চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
শুক্রবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।


বিজ্ঞপ্তিতে তিনি জানান, এই তিন বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে। এ ছাড়া অন্যান্য বোর্ডের পরীক্ষা প্রকাশিত সময়সূচি অনুযায়ী ১৭ আগস্ট থেকে শুরু হবে।
ঘোষিত রুটিন অনুযায়ী, ১৭ আগস্ট থেকে শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২৫ সেপ্টেম্বর। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২৬ সেপ্টেম্বর। ৪ অক্টোবর শেষ হবে ব্যবহারিক পরীক্ষা।
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৪৩ হাজার ৩৪২ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা।



























