
তিন দিনের ডিসি সম্মেলন শুরু ১১ জানুয়ারি


অবশেষে দুই বছর পর ডিসি সম্মেলন হতে যাচ্ছে। আগামী ১১, ১২ ও ১৩ জানুয়ারি সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। ২০২০ সালে করোনার কারণে ডিসি সম্মেলন হয়নি। ২০২১ সালের শেষের দিকে ডিসি সম্মেলনের জন্য প্রস্তুতি প্রায় সম্পন্ন হলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। এ দফায়ও ডিসি সম্মেলন নিয়ে সংশয় ছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ায় সম্মেলনের তারিখ চূড়ান্ত হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
জানা গেছে, সপ্তাহ দুয়েক আগে ডিসি সম্মেলনের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। কিন্তু সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিদ্ধান্ত আসছিল না। গত সপ্তাহের শেষদিকে তারিখ চূড়ান্ত না করে সুবিধাজনক সময়ে ডিসি সম্মেলন অনুষ্ঠানের সম্মতি আসে। এতে ডিসি সম্মেলনের প্রস্তুতিতে কিছুটা ভাটা পড়ে। রোববার সরকারপ্রধানের তরফ থেকে ডিসি সম্মেলনের তারিখের বিষয়ে সম্মতি আসে। এরপর থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা তৎপর হয়ে ওঠেন। দুই বছর পর ডিসি সম্মেলন অনুষ্ঠানের খবর জেনে উৎফুল্ল ডিসিরাও।
সূত্র: যুগান্তর
E/N





























