
চাঁদপুরে লঞ্চের থাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবি, নারী নিখোঁজ


চাঁদপুরের মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় এমভি লামিয়া নামের যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (০৫ নভেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
এতে ট্রলারে থাকা সকল যাত্রী তীরে উঠতে সমর্থ হলেও নাছিমা বেগম (৩৫) নামের এক মহিলা নিখোঁজ রয়েছেন। তিনি শরীয়তপুর জেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়ায় গ্রামের সালেহ আহমেদের স্ত্রী।
এই ঘটনায় নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।


চাঁদপুর নৌ থানার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার বলেন, শুক্রবার সকালে শরীয়তপুর জেলার ঘোষেরহাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে যাত্রীবাহী লঞ্চ এমভি লামিয়া। লঞ্চটি দুপুর বেলা ডাকাতিয়া-মেঘনা নদীর মিলনস্থল মোলহেড অতিক্রম করার সময় একটি যাত্রীবাহী ট্রলারকে ধাক্কা দিলে ট্রলারটি নদীতে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ১০-১২ জন যাত্রীর মধ্যে সকলে সাঁতরে তীরে উঠতে সমর্থ হলেও নাছিমা বেগম নামের এক যাত্রী পানিতে ডুবে নিখোঁজ হয়। আমরা নিখোঁজ যাত্রীকে উদ্ধারে অভিযান চালাচ্ছি।
তিনি বলেন, এই ঘটনার পরে ওই লঞ্চটি মোহনপুর এলাকার মেঘনা নদী থেকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
চাঁদপুর জেলা বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আক্রান্ত ট্রলারটি ডাকাতিয়া নদীতে নতুনবাজার পুরানবাজার এলাকায় যাত্রী পরিবহণ করতো। লঞ্চের ধাক্কায় ট্রলারে থাকা ৩-৪ জন যাত্রী আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে কারো অবস্থা আশঙ্কাজনক নয়।


























