
ইভ্যালির রাসেল ফের রিমান্ডে, স্ত্রী শামীমা কারাগারে


গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ধানমণ্ডি থানার মামলায় আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে ফের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনকে রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক এই আদেশ দেন। রাসেল ও শামীমার পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করলেও আদালত সাড়া দেননি।
এদিন রাসেল ও শামীমাকে গুলশান থানার প্রতারণার মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে ধানমণ্ডি থানার মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন এসআই নাজমুল হুদা। অন্যদিকে আসামিদের পক্ষে জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা।


রাষ্ট্রপক্ষে রিমান্ড আবেদনের শুনানি করেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি সাজ্জাদুল হক শিহাব ও তাপস পাল। অন্যদিকে রিমান্ডের বিরোধিতা করে জামিন শুনানি করেন আসামিদের আইনজীবী ব্যরিস্টার এম মনিরুজ্জামান আসাদ।
শুনানি শেষে বিচারক রাসেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন, আর তার স্ত্রী শামীমাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সূত্র: যুগান্তর
E/N



























