
ধুমধামে তাদের বিয়ে দিলেন এলাকাবাসী


মহাধুমধামে দুই খর্বাকৃতি যুবক-যুবতীর বিয়ে দিয়েছেন এলাকাবাসী। কনে যশোরের সদর উপজেলার আন্দুলিয়া গ্রামের নাজির মোল্লার মেয়ে ময়না খাতুন। বর একই উপজেলার নরেন্দ্রপুর পোস্ট অফিস এলাকার মৃত আকবার আলীর ছেলে রবিউল ইসলাম।
স্থানীয়দের উদ্যোগে বর কনে ও অভিভাবকদের সম্মতিতে শুক্রবার দুপুরে এ বিয়ে অনুষ্ঠিত হয়।
৩ ফুট উচ্চতার বর-কনেকে দেখতে আশপাশের গ্রাম থেকে হাজারো লোক ছুটে আসেন। এলাকাবাসীর প্রশংসনীয় এই উদ্যোগে খুশি নবদম্পতি।


সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সুজিত বিশ্বাস বলেন, বর রবিউল ইসলামের বয়স ২৬ বছর হলেও উচ্চতায় তিন ফুট। আর ৩৬ বছর বয়সী কনে ময়না খাতুনেরও উচ্চতা তিন ফুট। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বিয়ের গেট সাজিয়ে, প্যান্ডেল নির্মাণ করে ধুমধামে বিয়ে দেওয়া হয়েছে তাদের।
দুইটি মাইক্রোবাসসহ এই বিয়েতে ২০টি মোটরসাইকেলযোগে ৬০ জন বরযাত্রী আসেন। মুসলিম শরিয়াহ অনুযায়ী সকল আনুষ্ঠানিকতা শেষে ১ হাজার ১ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়।
সূত্র: যুগান্তর
E/N




























