
উড়োজাহাজের মতো দেখতে ব্যাগ, দাম উড়োজাহাজের চেয়েও বেশি!


করোনা মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সারা বিশ্বের বিমান পরিবহন খাত। উড়োজাহাজের বাজার একদম পড়ে গেছে। নতুন করে উড়োজাহাজ অর্ডার করছে না কোনো বিমান সংস্থা। পুরোনো যা আছে, তাও রাখার জায়গা না পেয়ে খুলে যন্ত্রাংশ বিক্রি করে কোনোক্রমে লোকসান ঠেকাচ্ছেন মালিকেরা।
উড়োজাহাজের এমন দুর্দিনে ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউস লুই ভিটন উড়োজাহাজকে উড়িয়েছেন বেশ অভিনব উপায়েই। উড়োজাহাজের আদলে তৈরি ব্যাগ বানিয়ে নতুন করে আবার আলোচনায় এসেছে তারা।
উড়োজাহাজের মতো দেখতে এই ব্যাগগুলোর দাম ৩৯ হাজার মার্কিন ডলার, একক ইঞ্জিনবিশিষ্ট সেসনা মডেলের একটা উড়োজাহাজের দামের চেয়েও যা বেশি। লুই ভিটন ব্র্যান্ডের ব্যাগের স্বাভাবিক দাম এমনিতেই আকাশছোঁয়া। বাদামি চামড়ার ওপর লুই ভিটনের আদ্যক্ষর ‘এল ভি’ ছাপা ব্যাগগুলোর সর্বনিম্ন দাম হয় দুই হাজার ডলার। এর বাইরেও প্রতিষ্ঠানটি যে পোশাক, ঘড়ি, গয়না, সুগন্ধি ও স্যুটকেস তৈরি করে, সেগুলোর দামও সাধারণের নাগালের বাইরেই থাকে। তবে কিনতে পারুক না পারুক, লুই ভিটনের পণ্য আলোচনায় থাকে সব সময়ই।


সূত্র:প্রথম আলো
H/N



























